ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন, ব্যুরো প্রধান (খুলনা)।

(৮ মাস আগে) ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৪:৩১ অপরাহ্ন

banglahour

খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে। রোববার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা)।
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে পরাজয়ের পর তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। দলীয় সূত্রে জানা যায়, খুলনা-২ আসনকে দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি হিসেবে বিবেচনা করা হতো। নির্বাচনের আগে নানা হিসাব-নিকাশে আসনটি বিএনপির ঝুলিতে যাবে বলে প্রত্যাশা ছিল। কিন্তু সেই আসনেই পরাজয় খুলনা বিএনপিকে কেন্দ্রীয় নেতাদের কাছে প্রশ্নের মুখে ফেলে।


দলীয় চেয়ারম্যান তারেক রহমান ত্যাগী নেতা হিসেবে নজরুল ইসলাম মঞ্জুকে মূল্যায়ন করেছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর দেশের সিটি করপোরেশনগুলোকে উন্নয়নের আওতায় এনে ঢেলে সাজানোর উদ্যোগের অংশ হিসেবে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে কেসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের বিষয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব অর্পণ করেছেন। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করব। নগরবাসীর সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করব। নাগরিক জীবন যাতে সুস্থ, সুন্দর ও নিরাপদ হয়, সে লক্ষ্যে আমার প্রচেষ্টা থাকবে।


তিনি আরও বলেন, “এর আগে নগরীকে গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। খুলনা মহানগরীকে গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে চেষ্টা করব।”
উল্লেখ্য, ২০২১ সালের আগে দীর্ঘ ২৮ বছর খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম। এর মধ্যে ১৬ বছর সাধারণ সম্পাদক ও ১২ বছর সভাপতি ছিলেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের ভরাডুবির মধ্যেও খুলনা-২ আসনে জয় পান তিনি। ২০১৮ সালের সংসদ নির্বাচন ও একই বছরের খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিলেও দুবারই পরাজিত হন। ওই দুটি নির্বাচনেই বিএনপি কারচুপির অভিযোগ তোলে।


সাম্প্রতিক সংসদ নির্বাচনের পর দলীয় নেতা-কর্মীদের মধ্যে দোষারোপের প্রবণতা বাড়তে থাকে। শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খুলনা-২ আসনে ভবিষ্যতে বিএনপি ঐক্যবদ্ধ থাকতে পারবে কি না—তা নিয়েও আলোচনা শুরু হয়। পাশাপাশি আগামী সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী নিয়েও গুঞ্জন ছিল। দলীয় কোনো পদ-পদবি না থাকা অবস্থায় নজরুল ইসলাম মঞ্জুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নানা আলোচনা চলছিল। এসব আলোচনার মধ্যেই তিনি কেসিসির প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন।
প্রশাসক নিয়োগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সদ্য নির্বাচনী পরাজয়ের পর এটিকে রাজনৈতিকভাবে স্বস্তির ঘটনা হিসেবে দেখছেন অনেকেই।


স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ ডিসেম্বর কেন্দ্র থেকে খুলনা মহানগর ও জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে মহানগর বিএনপির সভাপতির পদ থেকে নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদকের পদ থেকে সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানকে বাদ দেওয়া হয়। এর প্রতিবাদে ১২ ডিসেম্বর খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম। সেখানে মহানগরের ৩১টি ওয়ার্ড কমিটির অধিকাংশ সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। তিনি কমিটি পুনর্মূল্যায়নের দাবি জানান। পরবর্তীতে কেন্দ্র থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং একসময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।


স্থানীয় সূত্র বলছে, মহানগর বিএনপির বর্তমান নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। থানা ও ওয়ার্ড কমিটি থেকেও তার অনুসারীদের বাদ দেওয়া হয়। দলীয় পদ হারানোর পরও তিনি বিভিন্ন ব্যানারে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান। এবারের নির্বাচনে তাকে প্রার্থী ঘোষণা করা হলে নগর বিএনপির একটি অংশ তা মেনে নিতে পারেনি। এমনকি প্রার্থিতা বাতিলের দাবিও ওঠে। পরে প্রকাশ্য বিরোধ মিটিয়ে দুই পক্ষই তার পক্ষে মাঠে নামে। তবে নির্বাচনে পরাজয়ের পর আবারও দুই পক্ষের মধ্যে অবিশ্বাস তৈরি হয়।


তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, সব ভেদাভেদ ভুলে উভয় পক্ষ ঐক্যবদ্ধ হয়ে খুলনা বিএনপিকে আরও শক্তিশালী করবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম