ঢাকা, ৭ মার্চ ২০২৬, শনিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কাবুল–কান্দাহার–পাকতিকা লক্ষ্য করে পাকিস্তানের হামলা

বিশ্ব | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ১০:৫১ পূর্বাহ্ন

banglahour

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কান্দাহার ও পাকতিকা প্রদেশের বিভিন্ন স্থানে শুক্রবার ভোরে হামলা চালিয়েছে পাকিস্তান। এ ঘটনায় আফগানিস্তানের তালেবান সরকার পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে যৌথ সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নতুন করে হামলার দাবি করেছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে সীমান্তজুড়ে উত্তেজনা আরও বেড়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন, পাকিস্তান রাজধানী কাবুল, কান্দাহার এবং পাকতিকার কিছু স্থানে বোমা হামলা চালিয়েছে। তবে তার দাবি, এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কাবুলে অবস্থানরত (এএফপি)-এর সংবাদদাতারা জানিয়েছেন, ভোরের দিকে জোরালো বিস্ফোরণে শহর কেঁপে ওঠে। স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটের দিকে যুদ্ধবিমানের শব্দের সঙ্গে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। এছাড়া রাত প্রায় ২টা ৩০ মিনিট পর্যন্ত দফায় দফায় গুলির শব্দ শোনা গেছে বলে জানা গেছে।

অন্যদিকে পাকিস্তান কর্তৃপক্ষ বলেছে, আফগান শহরগুলোতে তাদের এই ‘পাল্টা হামলা’ ছিল আগের ‘আফগান হামলার’ জবাব। তাদের দাবি, বৃহস্পতিবার রাতে যৌথ সীমান্তে সামরিক অবস্থানের বিরুদ্ধে আফগান তালেবান অভিযান চালালে দুই পাকিস্তানি সেনা নিহত হন। এর পরিপ্রেক্ষিতেই তারা এ হামলা চালায়।

তবে তালেবান বলছে, সীমান্তে তাদের সাম্প্রতিক অভিযান ছিল পাকিস্তানের আগের হামলার প্রতিক্রিয়া। ফলে কে আগে আক্রমণ করেছে এ নিয়ে দুই দেশের বক্তব্যে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে।

সীমান্তবর্তী পাকিস্তানি অঞ্চলের বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। সাম্প্রতিক সংঘর্ষে উভয় পক্ষই একে অপরের বড় ক্ষয়ক্ষতির দাবি করলেও স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

বিশ্লেষকদের মতে, সীমান্তে এই পাল্টাপাল্টি হামলা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক উদ্যোগ না নিলে বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতাও ঝুঁকির মুখে পড়তে পারে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯