ঢাকা, ৭ মার্চ ২০২৬, শনিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কালুখালীতে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্সি শাখা বন্ধের অভিযোগে সংবাদ সম্মেলন: ব্যাংক কর্তৃপক্ষের ভিন্ন বক্তব্য

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(৪ দিন আগে) ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৭:০০ অপরাহ্ন

banglahour

বিনা নোটিশে ডাচ-বাংলা ব্যাংকের একটি সাব-এজেন্ট আউটলেট শাখা বন্ধ করে দেওয়ার অভিযোগে রাজবাড়ীর কালুখালীতে সংবাদ সম্মেলন করেছেন গ্রাহক ও ভুক্তভোগীরা।
মঙ্গলবার দুপুরে কালুখালী উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যাংকের গ্রাহক রফিকুল ইসলাম।


তিনি বলেন, ডাচ-বাংলা ব্যাংকের কালুখালী এজেন্সি শাখার অধীনে উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৯টি সাব-এজেন্সি শাখা খোলা হয়। কালুখালী এজেন্সি শাখার পরিচালক রাকিবুল ইসলাম এসব শাখা চালুর যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেন। সর্বশেষ সাব-এজেন্সি শাখাটি চালু হয় রায়নগর স্লুইসগেট বাজারে। অল্প সময়ের মধ্যেই সেখানে শতাধিক গ্রাহক অ্যাকাউন্ট খোলেন এবং আমানতের পরিমাণ দাঁড়ায় ২ কোটিরও বেশি টাকা। শাখাটির পরিচালক ছিলেন রাসেদ আহমেদ।


অভিযোগে বলা হয়, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কোনো ধরনের পূর্ব ঘোষণা বা লিখিত নোটিশ ছাড়াই কালুখালী এজেন্সি শাখার পরিচালক রাকিবুল ইসলাম ওই সাব-এজেন্সি শাখাটি বন্ধ করে দেন। এতে ডিপোজিটধারী গ্রাহকদের চাপে পড়েন সাব-শাখার পরিচালক রাসেদ আহমেদ। একপর্যায়ে মানসিক চাপে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম মিলন বলেন, সাব-এজেন্সি শাখা বন্ধ হওয়ায় কালুখালী এজেন্সি শাখা লাভবান হচ্ছে।

 

ডিপোজিটধারীদের প্রায় ২ কোটি টাকার লভ্যাংশ প্রতি মাসে রাকিবুল ইসলামের অ্যাকাউন্টে জমা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, বিনা নোটিশে সাব-এজেন্সি ব্যাংক বন্ধ করা ব্যাংকিং আইনের পরিপন্থী। এতে জনভোগান্তি ও হতাশার সৃষ্টি হয়েছে। জনস্বার্থে শাখাটি পুনরায় চালুর দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম, রাসেদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


তবে কালুখালী প্রধান শাখার পরিচালক এস এ রাকিব ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, আউটলেট বন্ধ করার কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট আউটলেটগুলো গ্রাহকদের সঙ্গে একাধিক প্রতারণায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ কারণে ব্যাংক কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের লেনদেন বন্ধ রেখেছে।
তিনি আরও বলেন, গ্রাহকদের আমানত থাকলে দেশের যেকোনো ডাচ-বাংলা ব্যাংক শাখা থেকে তা উত্তোলন করা যাবে। গ্রাহকদের টাকা আত্মসাৎ করার পর ধরা পড়ায় সংশ্লিষ্টরা বিভিন্ন অজুহাত দিচ্ছেন বলেও দাবি করেন তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯