খুলনা জেলা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, পবিত্র রমজান মাসে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হয়েছে। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেওয়ার ফলে এ বছর নিত্যপণ্যের দাম বাড়েনি বলে তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করবেন। পর্যায়ক্রমে বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। তবে খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বিএনপি নেতারা।
শুক্রবার খুলনা ক্লাবে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু। সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপির সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।
বক্তারা বলেন, নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের মধ্য দিয়ে বিএনপির দায়িত্ব শেষ হয়নি; বরং জনগণের প্রতি জবাবদিহিতা আরও বেড়েছে। রাষ্ট্র পরিচালনার সুযোগের অপব্যবহার করা যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পাশাপাশি রমজানের শিক্ষা ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য ড. হারুন অর রশীদ খান, কুয়েটের ভিসি অধ্যাপক ডা. মাকসুদ হেলালি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, সদস্য সচিব জি এম মওলা বক্স, অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতারের পূর্বে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ দেশ ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ জাহিদুল ইসলাম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
