বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাঙ্গামাটিতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরানুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহম্মদ ইলিয়াছসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জ্বালানি তেল ব্যবসায়ীরা।
সভায় জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, রাঙ্গামাটিতে জ্বালানি তেলের কোনো সংকট নেই। এখানে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের বরাদ্দ রয়েছে। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য প্রচার করে জনগণকে সচেতন করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন বলেন, জেলা শহরের জ্বালানি তেল সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং জেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের মনিটরিং টিম কাজ করছে। জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।
সভায় উপস্থিত জ্বালানি তেলের ডিলার ও খুচরা ব্যবসায়ীরা জানান, বর্তমানে রাঙ্গামাটিতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল রয়েছে এবং জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সাধারণ জনগণকে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
