চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে ও অবৈধভাবে ক্লিনিক পরিচালনার দায়ে ‘লাইফ কেয়ার মেডিকেল সেন্টার’ সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মামুন অর রশীদ শাওনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল পর্যন্ত কার্পাসডাঙ্গা, দামুড়হুদা সদর ইউনিয়ন ও দর্শনা পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইফ কেয়ার মেডিকেল সেন্টারে দায়িত্ব পালনকারী নার্সদের কেউই নিবন্ধিত নন। নার্সিং বিষয়ে কোনো প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও তারা রোগীদের শরীরে বিভিন্ন ধরনের ইনজেকশন প্রয়োগ করতেন। এছাড়া রোগ নির্ণয়ের জন্য নমুনা সংগ্রহকারী ব্যক্তিও অনুমোদিত ছিলেন না।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম বলেন, অভিযানের সময় লাইফ কেয়ার মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ তাদের কোনো লাইসেন্স দেখাতে পারেনি। পাশাপাশি অপারেশন ও পোস্ট-অপারেটিভ ব্যবস্থাপনাও সঠিকভাবে করা হয়নি। ক্লিনিকে কর্মরত নার্সও নিবন্ধিত নন। এছাড়া পরিবেশ ও চিকিৎসা সরঞ্জাম এমনভাবে রাখা হয়েছিল, যা রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অনিয়ম, ত্রুটি ও অনুমোদনহীন সকল ল্যাব, ক্লিনিক ও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, মানহীন স্বাস্থ্যসেবা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে প্যাথলজি পরিচালনা, অপরিচ্ছন্ন অপারেশন রুম এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন সনদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লাইফ কেয়ার মেডিকেল সেন্টার সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার আলোকে এ ধরনের অভিযান শুরু হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
