জুম্ম সমাজ ব্যবস্থায় নারী ও মেয়েদের অধিকার, ন্যায়বিচার ও কর্মসংস্থানের নিশ্চয়তা নিশ্চিতকরণ শ্লোগানে রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নারী দিবস এবং হিল উইমেন্স ফেডারেশনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে রাঙ্গামাটিসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির কান্তি চাকমা, আইনজীবী জুয়েল দেওয়ান, সমাজকর্মী কক্সি তালুকদার, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সহ-সভাপতি জগদীশ চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাংগঠনিক সুবিনা চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ম্রানুচি মারমা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারীর ওপর সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
নারীর ক্ষমতায়নই অর্থনৈতিক উন্নয়নের শক্ত ভিত্তি। নারীর অধিকার আদায়ে সবাইকে একই দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার এবং সংঘবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা পাহাড়ি নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, নারী নির্যাতন ও সকল ধরনের অন্যায় দমন-পীড়ন বন্ধ করা, নিপীড়নমুক্ত ও সুষ্ঠু গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা এবং শান্তিচুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের গুরুত্বও উল্লেখ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
