ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সৌদিতে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চু

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৬ মাস আগে) ৯ মার্চ ২০২৬, সোমবার, ৪:৩৬ অপরাহ্ন

banglahour

আমাদের সংসারের একমাত্র আলোটা নিভে গেছে গো। আমার তিন এতিম ছেলেমেয়ের এখন কী হবে গো আল্লাহ!’ এভাবেই বিরামহীন শোকের মাতম করে চলেছেন সৌদিতে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়ার (৩৫) স্ত্রী জোছনা আক্তার। বসন্তের মেঘলা আকাশের মধ্যে তাদের পরিবারে হঠাৎ একটি খবরে যেন নেমে এসেছে কালবৈশাখীর ঝড়।

রবিবার (৮ মার্চ) সৌদি স্থানীয় সময় ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়াসহ দুজন বাংলাদেশি নিহত হন।


অপরজনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। ক্যাম্পটির কাছাকাছি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই মিসাইল হামলা হয়েছে বলে জানা যায়।
নিহত বাচ্চু মিয়া কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের মৃত রইস উদ্দিনের মেজো ছেলে।


তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবাকে হারিয়ে নির্বাক তাকিয়ে রয়েছে ছেলে-মেয়েরা।
সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শোকাহত এলাকাবাসীর ভিড়। জরাজীর্ণ একটি ঘরে নিহতের স্ত্রী জোছনা বিলাপ করছেন। পাশেই ছেলে-মেয়েরা বাবার জন্য আর্তনাদ করছে। অভাবের তাড়নায় সংসারের সচ্ছলতা আনতে পাঁচ বছর আগে সৌদি আরবে যান বাচ্চু। কিন্তু এতদিনেও তিনি তার পরিবারের স্বচ্ছলতা আনতে পারেননি।


জরাজীর্ণ ঘরে তিন ছেলে-মেয়েকে নিয়ে থাকেন তার স্ত্রী। অভাব-অনটন তাদের চিরচেনা দৃশ্য। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে সবার চোখে-মুখে অন্ধকারের কালো মেঘ জমে আছে। পরিবার ও ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পরিবারের পাশাপাশি এলাকাবাসীও।
স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম সবুজ ও মোবারক হোসেন বলেন, তারা খুবই দরিদ্র। পরিবার ও ছেলেমেয়েদের দায়িত্ব নিতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দ্রুত মরদেহ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, ‘কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এ বিষয়ে সার্বিক খোঁজখবর রাখছেন। দলের পক্ষ থেকে আমরা গিয়ে সমবেদনা জানিয়েছি। পাশাপাশি নিহতের পরিবারের পাশে আছি আমরা।’

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ কালের কণ্ঠকে বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের বাড়িতে এসে সার্বিক খোঁজখবর নিয়ে প্রাথমিক সহায়তা করেছি। পরিবারটি খুবই দরিদ্র। পর্যায়ক্রমে আরো সহায়তা দিয়ে সরকার তাদের পাশে থাকবে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম