রাজবাড়ীর কালুখালীতে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৯ মার্চ) দুপুর ৪টায় আর্চ ব্রিজ সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান নেতৃত্ব দেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ। আইন-শৃঙ্খলা রক্ষায় কালুখালী থানা পুলিশ এসময় সহযোগিতা করে।
সহকারী কমিশনার জানান, রতনদিয়া মৌজার ৭৮ নম্বর দাগের রাস্তার পাশে সরকারি খাস খতিয়ানের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছিল। নোটিশ সত্ত্বেও অপসারণ না করলে এটি উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতেও উপজেলার সরকারি জমি অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানো হবে।
ভুক্তভোগী মোহাম্মদ আলী মৃধা দাবি করেন, তিনি ঘর নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছেন, এখনো অনুমোদন পাননি। তিনি আইন সবার জন্য সমানভাবে প্রয়োগের দাবি জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
