রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন নেতাকর্মী গণপদত্যাগ করেছেন।
সোমবার এক বিশেষ সভায় উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমাসহ পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা পদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে তাদের পদত্যাগপত্র রাঙ্গামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অসিম চাকমা।
উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা জানান, গত ১ জানুয়ারি জেলা কমিটি জুরাছড়ি উপজেলা কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন দেয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগী নেতারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করার সিদ্ধান্তে দলটির আদর্শ ও স্বকীয়তা ক্ষুণ্ন হয়েছে বলে তারা মনে করছেন। এ কারণে বর্তমান অবস্থানের সঙ্গে নিজেদের আদর্শিক অবস্থান মিলছে না উল্লেখ করে তারা সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
উপজেলা আহ্বায়ক অসিম চাকমা বলেন, “এই পরিস্থিতিতে আমাদের পক্ষে দলের ঘোষিত আদর্শ ধরে রাখা সম্ভব হচ্ছে না। তাই আমরা দলীয় সব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
