ঝিনাইদহে তেল পাম্পে তেল কেনা নিয়ে বাক-বিতণ্ডার জেরে কর্মচারীদের পিটুনিতে নিহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হোসেনের হত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পায়রা চত্বরে এই মানববন্ধন আয়োজন করে সম্মিলিত ছাত্র ঐক্য।
মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নিহত নিরব হোসেনের স্বজন ও ছাত্ররা অংশ নেন। সেসময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রাজু, ছাত্র মজলিসের সভাপতি উসামা হক, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আব্দুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা নিহত নিরব হোসেনের হত্যার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি শহরে বাসে আগুন দেওয়ার ঘটনায় আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকর্মীর নিঃশর্ত মুক্তিও দাবি করা হয়।
গত শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে তেল কেনা-বেচা নিয়ে বাক-বিতণ্ডার জেরে কর্মচারীদের পিটুনিতে নিহত হন ঝিনাইদহের যুগ্ম মুখ্য সংগঠক নিরব হোসেন। এরপর বিক্ষুব্ধ ছাত্র-জনতা একটি পাম্প এবং কেন্দ্রীয় বাস টার্মিনালে তিনটি বাসে আগুন দেয়। হত্যায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত তিনজন এবং বাসে ও পাম্পে আগুন দেওয়ার ঘটনায় সাতজনকে পুলিশ আটক করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
