ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সৌদিতে মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন এমপি জালাল উদ্দিন

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৬ মাস আগে) ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৪:৩৮ অপরাহ্ন

banglahour

সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাচ্চু মিয়া (৪০)-এর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তার পরিবার। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নিহতের বাড়ি জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে গিয়ে পরিবারকে সহায়তা ও খোঁজখবর নেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন।


নিহত বাচ্চু মিয়া মৃত রইস উদ্দিনের মেজো ছেলে। তার এক ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে, যাদের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী। তার মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পিতাকে হারিয়ে মরদেহের অপেক্ষায় এখন শিশু সন্তানরা নির্বাকভাবে অপেক্ষা করছে।


সংসদ সদস্য জালাল উদ্দিন জানান, মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের পাশে রয়েছেন এবং তার পক্ষ থেকে সরকারী সহায়তা নিয়ে তিনি পরিবারের খোঁজখবর নিতে উপস্থিত হয়েছেন। তিনি বলেন, “পরিবারটি খুবই দরিদ্র। সরকার নিহত বাচ্চু মিয়ার পাশে থাকবে। প্রবাসী কল্যাণ মন্ত্রী ও কিশোরগঞ্জের শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী সার্বক্ষণিক খোঁজ রাখছেন। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে।


এ সময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম জায়দুল, উপজেলা যুবদলের সভাপতি মাহবুবুর রহমান মাসুদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।


উল্লেখ্য, গত রবিবার (৮ মার্চ) সৌদি সময় ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়াসহ দুই বাংলাদেশি নিহত হন। অপরজনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। ক্যাম্পটির কাছে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে মিসাইল হামলা হয়েছে বলে জানা গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম