খুলনা মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডে হাজী শরিয়াতউল্লাহ বিদ্যাপীঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি বলেছেন, ফ্যামিলি কার্ড প্রদানের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেটা বলেন, সেটাই বাস্তবায়ন করেন।
তিনি আরও বলেন, খুলনায় বন্ধ পাটকলসহ শিল্পকল কারখানা চালু হবে এবং বেকার সমস্যা দূর হবে। পাশাপাশি তিনি আশ্বাস দেন, বিএনপি চেয়ারম্যানের প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। হুইপ রকিবুল ইসলাম বকুল উল্লেখ করেন, এই ফ্যামিলি কার্ড পাইলট প্রোগ্রামের আওতায় দলমত নির্বিশেষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে তথ্য যাচাই করে প্রথমবারের মতো পরিবার লিস্ট করা হয়েছে। পরে বাক পরিবারের জন্যও কার্ড বিতরণ করা হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মুন্জু, যিনি বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড নিয়ে অনেকেই রসিকতা করেছেন। আজ ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে তাদের মুখে ‘চুনকালি’ দেয়া হয়েছে। তিনি বলেন, বিএনপির বৈশিষ্ট্য হলো তারা কথা দিলে তা রাখে।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক জামশেদ খন্দকার, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, খুলনা বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
