সুন্দরবনে বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে বিসিজিএস তৌফিকের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দস্যু দয়াল বাহিনীর এক সদস্য রসদ সরবরাহের জন্য সুন্দরবনে যাচ্ছিল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী সকাল ১০টায় দাকোপের শিবসা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবং কুখ্যাত দস্যুদের রসদ সরবরাহকারী আব্দুল হালিম (৩৬)কে আটক করা হয়।
পরে, দুপুর ১টায় দাকোপের টাকাতোলা খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। আটককৃত আব্দুল হালিম সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে জড়িত এবং তাদের অস্ত্র ও রসদ সরবরাহ করে আসছিলেন।
আটককৃত এবং জব্দকৃত আলামত পুলিশে হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
