খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনারের সঙ্গে ট্রাফিক বিভাগের সদস্যদের মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
সভায় কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও দক্ষ, সুশৃঙ্খল ও জনবান্ধব করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অংশ হচ্ছে ট্রাফিক পুলিশ, কারণ তাদের কার্যক্রম জনগণ সরাসরি প্রত্যক্ষ করে থাকে। এজন্য ট্রাফিক বিভাগের সদস্যদের সততা, দক্ষতা, নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, চালক বা সাধারণ মানুষের সঙ্গে কোনোভাবেই অসদাচরণ করা যাবে না। প্রতিটি বিষয় মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য ১৫ জন কনস্টেবল, ৫ জন এটিএসআই এবং ৫ জন সার্জেন্টকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সম্প্রতি এক মোবাইল চোরকে হাতেনাতে আটক করার জন্য এক সার্জেন্ট ও তার সহকারী কনস্টেবলকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
এছাড়াও আন্তঃ-ট্রাফিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। কমিশনার বলেন, ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে।
এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
