কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে থানার এক পুলিশ কনস্টেবলকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে হিরন মিয়া নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক এ দণ্ড প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশন জামে মসজিদে তারাবির নামাজ শেষে মসজিদ থেকে বের হন রেলওয়ে থানার কনস্টেবল পারভেজ ও হিরন মিয়া। এ সময় ভুলবশত হিরন মিয়ার জুতা কনস্টেবল পারভেজ পায়ে দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হিরনের সঙ্গে থাকা আরও ৩–৪ জন মিলে কনস্টেবল পারভেজকে নাক-মুখে কিল-ঘুষিসহ এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে।
খবর পেয়ে রেলওয়ে থানার অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আহত কনস্টেবলকে উদ্ধার করেন। এ সময় হিরন মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদ আহমেদ জানান, সরকারি কাজে বাধা ও মারধরের ঘটনায় হিরন মিয়াকে আটক করা হয়। পরে বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
