সিলেটের জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বড়গাং ও সারী নদীর পাড় এবং ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একজন অপ্রাপ্তবয়স্ককে আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার বড়গাং নদীর জাঙ্গালঘাট, রুপচেং গরুরঘাট ও সারী-২ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে বড়গাং নদী সংলগ্ন নিজপাট ইউনিয়নের জাঙ্গালঘাট এলাকায় অবৈধভাবে নদীর পাড় কেটে ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত করে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটকরা হলেন লক্ষীপ্রসাদ গ্রামের শহীদ মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২০), রুপচেং এলাকার কন্টু মিয়ার ছেলে তাবাসসুম আহমেদ (১৭), পূর্ব লক্ষীপ্রসাদ গ্রামের রফিকুল হকের ছেলে খাইরুল ইসলাম (২৪) এবং জাঙ্গাইল গ্রামের হারুণ মিয়ার ছেলে মামুনুর রশীদ (১৮)।
এদিকে নিজপাটের রুপচেং এলাকায় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে থাকা ১০টি ইঞ্জিনচালিত নৌকা করাত দিয়ে কেটে ধ্বংস করা হয়।
পরে সারী-২ এলাকায় নদীর পাড় কেটে ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলনের অভিযোগে আরও ৪ জনকে আটক করা হয়। তারা হলেন ভিতরগোল এলাকার সফাতউল্লাহর ছেলে জামাল উদ্দিন (২৫), একই গ্রামের খলিলুর রহমানের ছেলে আসাদ আহমেদ (২৮), গোয়াইনঘাটের ধর্মগ্রামের অলিউর রহমানের ছেলে সেবুল আহমেদ (৩৫) এবং একই গ্রামের শফিক মিয়ার ছেলে আবদুল করিম (৪৫)।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বড়গাং নদীর বৈধ ইজারাদার সানি সোহা এন্টারপ্রাইজ অবৈধভাবে উত্তোলিত বালুবাহী নৌকায় সরকারি ইজারার টোকেন দিয়ে বৈধতা দিচ্ছে। বিষয়টি তদন্ত করে ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নির্ধারিত স্থান ছাড়াও ফসলি জমি ও নদীর পাড় কেটে বালু উত্তোলনের দায়ে বাংলাদেশ বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৭ জনকে সর্বনিম্ন তিন দিন থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। আটককৃতদের মধ্যে একজনের বয়স ১৭ বছর হওয়ায় তাকে এজাহারের মাধ্যমে উপযুক্ত আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে জৈন্তাপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
