রাজবাড়ীর কালুখালী উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।
বুধবার (১২ মার্চ) কালুখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে হাসপাতাল চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতনসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির আওতায় একজন ক্রেতা সর্বোচ্চ এক ডজন ডিম এবং আধা লিটার দুধ কিনতে পারবেন। প্রতি পিস ডিমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ টাকা ৫০ পয়সা এবং প্রতি লিটার দুধের মূল্য ৭০ টাকা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন বলেন, এটি কোনো বাণিজ্যিক কার্যক্রম নয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে সম্পূর্ণ সেবামূলক উদ্যোগ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, স্বল্প আয়ের মানুষের জন্য এই সেবামূলক কার্যক্রম আগামী ১৬ মার্চ ২০২৬ পর্যন্ত সরকারি অফিস চলাকালীন সময়ে চালু থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
