বাগেরহাটের রামপাল উপজেলার খুলনা–মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বর–নববধূ, নাতি–নাতনিসহ একই পরিবারের ১১ জন রয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠান শেষে নিজ বাড়ি ফেরার পথে মাইক্রোবাসটি নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে।
নিহতদের মধ্যে মোংলা পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, তাঁর ছেলে, মেয়ে, পুত্রবধূ, নাতি–নাতনি ও অন্যান্য স্বজন রয়েছেন। এছাড়া মাইক্রোবাসটির চালকও নিহত হয়েছেন। তবে রাজ্জাকের স্ত্রী আঞ্জুমান আরা বাড়িতে থাকায় তিনি ছাড়া পরিবারের প্রায় সবাই এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
মোংলা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম জানান, মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক খুলনার কয়রা উপজেলায় ছোট ছেলে সাব্বিরের বিয়ে দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা রাজ্জাক, নবদম্পতি সাব্বির ও মুন্নীসহ একই পরিবারের মোট ১১ জন নিহত হন।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগতিতে চলাচলের সময় সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোশাররফ জানান, হাসপাতালে ১০ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। দুর্ঘটনার পর হাসপাতালে স্বজনদের ভিড় লক্ষ্য করা গেছে।
নিহতদের মধ্যে ৪ জন শিশু, ১ জন কিশোর, ৪ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। হাসপাতালে বর্তমানে ১ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মোংলা পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আব্দুর রাজ্জাকের মৃত্যুতে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
একই পরিবারের এতজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মোংলায় শোকের ছায়া নেমে এসেছে। শোকস্তব্ধ হয়ে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
