চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের একটি মাঠ থেকে জোবেদা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত জোবেদা খাতুন একই উপজেলার দলিয়ারপুর গ্রামের মরহুম তুফান হোসেনের স্ত্রী।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আকতার হোসেন জানান, সকালে ঘাস কাটতে বাড়ি থেকে বের হন জোবেদা খাতুন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে গোপালপুর গ্রামের মাঠে তার হাত-মুখ বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর অথবা ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় তাকে হত্যা করা হতে পারে।
খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনাস্থলে গেছেন। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ জানাতে পারেননি তিনি।
পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
