ভৈরবে ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে বাজার। ক্রেতাদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে শহরের বিপণিবিতানগুলো। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ভৈরব প্রতিনিধি এম এ হালিম।
দিন যতই ঘনিয়ে আসছে, ততই ভৈরবে জমে উঠছে ঈদের বাজার। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পছন্দের পোশাক কিনতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মার্কেটে ভিড় করছেন ক্রেতারা।
পৌর নিউ মার্কেট, ছবিঘর শপিং কমপ্লেক্স, হকার্স মার্কেট, নদী বাংলা সেন্টার পয়েন্ট ও সালাম মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড়ে জমে উঠেছে বেচাকেনা।
দোকানিরা জানান, দিন যত যাচ্ছে বিক্রি তত বাড়ছে। সামনে আরও বেশি বিক্রির আশা করছেন তারা।
এবার ঈদে মেয়েদের মধ্যে পাকিস্তানি থ্রি-পিস, ফার্সি, জারারা, সারারা ও গাউনসহ বিদেশি পোশাকের চাহিদা বেশি। পাশাপাশি জামদানি, সুতি ও সিল্কের শাড়ির চাহিদাও রয়েছে।
অন্যদিকে ছেলেদের জন্য রেডিমেড শার্ট-প্যান্ট এবং শিশুদের জন্য বিভিন্ন ধরনের পোশাক বিক্রি হচ্ছে ব্যাপক হারে।
তবে ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার পোশাকের দাম কিছুটা বেশি। যদিও ব্যবসায়ীরা দাবি করছেন, দাম এখনও ক্রেতাদের সাধ্যের মধ্যেই রয়েছে।
এবার ভারতীয় পোশাকের চাহিদা তুলনামূলক কম বলেও জানিয়েছেন বিক্রেতারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
