পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা দুই উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এমপি লুনার একান্ত সচিব মো. ময়নুল হকের মাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে ত্যাগ, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে—এটাই আমাদের প্রত্যাশা। ধনী-গরিব ভেদাভেদ ভুলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের মুখে হাসি ফুটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ অনুভব করা সম্ভব।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে এমপি লুনা বলেন, “বিশ্বনাথ ও ওসমানীনগরের সার্বিক উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি, খাল খনন ও অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং আরও অনেক কাজ চলমান রয়েছে। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের প্রবাসী ভাই-বোনেরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের ত্যাগ ও অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর ঈদ উদযাপনের আহ্বান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
