বরিশালের হিজলা উপজেলায় আলোচিত এক হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে হিজলা থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুলখোলা ইউনিয়নের ধুলখোলা গ্রাম থেকে সাইফুল দেওয়ান (২৫) নামের ওই আসামিকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত রোববার রাতের কোনো এক সময়ে সুলতান রাড়ির ছেলে মনির রাড়ি (২০)-কে হত্যা করে দুর্বৃত্তরা পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির ভিতরে লাশ গুম করে রাখে। পরদিন সকালে স্থানীয় শিশুরা গাছের পাতা তুলতে গিয়ে ট্যাংকির ভিতরে মরদেহটি দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সাইফুল দেওয়ানকে আটক করা হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, মনির হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনিরের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল। আটক সাইফুল দেওয়ানের বিরুদ্ধেও চুরি ও মাদকসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
