পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গায় সারাবাংলা ৮৮ জেলা প্যানেলের উদ্যোগে প্রায় ২৫০টি সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৩টায় চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ায় মরহুম অধ্যাপক ওয়াজেদ আনোয়ারুল কাদিরের আমবাগানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারাবাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা কো-অর্ডিনেটর ডা. সায়ীদ মেহবুব উল কাদির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। ঈদের আগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান সত্যিই প্রশংসনীয়। তিনি সারাবাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী শামীমুর রহমান রোমেল, ডা. ওয়ালিউর রহমান নয়ন, শামস গোলাম হোসেন, শফিকুল ইসলাম জিন্নাহ, জ্যেষ্ঠ সাংবাদিক রিফাত রহমান, সব্যসাচী সাহা রাজু, জাহাঙ্গীর আলম, হামিদুল ইসলাম সেন্টু, আজিম উদ্দিন, মোজাম্মেল হক নেন্টু, জহুরুল ইসলাম, নাসির উদ্দিনসহ আরও অনেকে।
উল্লেখ্য, ২০২১ সালের জুলাই থেকে এ পর্যন্ত সারাবাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেল মোট ৭৬টি সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তারা টানা তিন বছর সারাদেশ ও বিদেশে ‘শ্রেষ্ঠ জেলা প্যানেল’ হিসেবে সম্মাননা অর্জন করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
