বিগত সময়ে দেশের যেসব কলকারখানা বন্ধ হয়ে গেছে, সেগুলো পুনরায় চালু করতে ঈদের পর থেকেই সরকার কাজ শুরু করবে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার সকালে সিলেটের কেন্দ্রীয় শাহি ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শ্রমিকদের বেতন-ভাতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। ফলে অন্যান্য বছরের তুলনায় এবার শ্রমিকরা ঈদের আগেই তাদের বেতন-ভাতা পেয়েছেন। তিনি বলেন, এটি সরকারের সদিচ্ছার ফল।
বর্তমান সরকার শ্রমিকবান্ধব উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু দেশের শ্রমিকরাই নয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণেও সরকার কাজ করছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার সময়ের শুরু থেকেই সরকার প্রবাসীদের পাশে রয়েছে বলেও জানান তিনি।
এছাড়া ঈদযাত্রা নিয়ে তিনি বলেন, সরকার, প্রশাসন, পরিবহন মালিক ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টার কারণে এবার মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
