কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রামে মালোশিয়া পাঠানোকে কেন্দ্র করে টাকা লেনদেনের বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন।
আজ (২০ মার্চ) শুক্রবার বিকেলে অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর- আব্দুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,
খয়েরপুর গ্রামের মাস্টারবাড়ির বাবুল মিয়া প্রায় দেড় বছর আগে একই গ্রামের মুন্সিবাড়ির আজিজুল ইসলামকে মালোশিয়ায় নিয়ে যান। অভিযোগ উঠে প্রবাসে আজিজুলকে ভালো কাজ দেননি তিনি। তাছাড়া,আজিজুল ইসলাম অভিযোগ করেন আকামার জন্য টাকা নেওয়া হলেও, আকামার ব্যবস্থা করেনি বাবুল। ফলে, একপর্যায়ে মালোশিয়ায় থাকতে না পেরে দেশে চলে আসেন আজিজুল ইসলাম।
এনিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বাবুল মিয়া দেশে ফিরলে আজিজুল তার কাছে টাকা ফেরত চান এবং বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছেও বিচার দেন। এতে কোন সমাধান হয়নি।
আজ শুক্রবার বিকেলে গ্রামের পার্শ্ববর্তী কদমচাল বাজারে আজিজুলকে পেয়ে, বাবুল মিয়া তার বিরুদ্ধে সালিস অভিযোগের কারণ জানতে চান। এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
পরে উভয় পক্ষের পরিবার বা গুষ্টিতে খবর পৌছলে তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে শতাধিক মানুষ সংঘর্ষে লিপ্ত হন। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদেশে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
