জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান ড্রাম সেতু ভেঙে দুই সহোদারসহ ৪ শিশু মারা গেছে। নিখোঁজ আছে আরো অন্তত ৬ জন। ঈদের দিন বিকালে এ দুর্ঘটনা ঘটে।
দেওয়ানগঞ্জ থানার ওসি মুনসুর আহামদ জানান, থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান ড্রাম সেতুর ওপর ধারন ক্ষমতার বেশি মানুষ উঠে। ভাসমান সেতুর মাঝে ভেঙে নদে ডুবে যায় বেশ কয়েকজন শিশু। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাত ৮ টা পর্যন্ত ৪ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হচ্ছে- দেওয়ানগঞ্জের ডাকাতিয়া পাড়ার জয়নাল আবেদীনের কন্যা মায়া মনি, ঝালুর চরের শের আলীর কন্যা খাদিজা আক্তার ও পুত্র মোতালেব হোসেন, দেওয়ানগঞ্জ পৌরসভার বেলতলীর হাবিবুল্লাহর পুত্র আবির হোসেন।
খবর পেয়ে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উদ্ধার অভিযান এখনো চলছে।
সেতু ভেঙে চার শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
