চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় সংঘর্ষের খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ মার্চ) দুপুর থেকে শুরু হওয়া এ সংঘর্ষ সন্ধ্যা পর্যন্ত চলে। নিহত শিমুল হোসেন কাজী (২০) একই গ্রামের লাবু হোসেন কাজীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে সংঘর্ষের খবর শুনে বাড়ির বাইরে বের হয়ে পড়ে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান গ্রামের মরহুম ইংরেজ আলী কাজীর ছেলে নাজিম উদ্দিন কাজী (৭০)।
এ ঘটনায় গুরুতর আহত কুবির কাজী (৩৫) কে কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে হৃদয় হোসেন ঢাকায় অবস্থানকালে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে তিনি গ্রামে ফিরে এলে এ বিষয় নিয়ে মাহাবুলের ছেলে আব্দুল্লার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
প্রথমে হৃদয় ও তার চাচা বজলু আহত হন। পরে পাল্টা হামলায় আব্দুল্লার মা আলেয়া বেগম, তরিকুল ও শরিফুলসহ আরও কয়েকজন আহত হন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে।
পরবর্তীতে সংঘর্ষটি স্থানীয় বিএনপির দুই গ্রুপ—হান্নান-কুবির ও লাল খাঁ-জাহাঙ্গীর পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং কুবির কাজী ও শিমুল গুরুতর আহত হন।
ওসি আরও জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
