কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্থানীয় মানুষের স্বেচ্ছাশ্রমে প্রায় দেড় কিলোমিটার সংযোগ খাল খনন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ কর্মসূচি চলে।
জানা যায়, খামাবিল ও গোলডুবা বিলের সংযোগ খাল খননের উদ্যোগ নেয় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর এ উদ্যোগ গ্রহণ করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন।
এদিন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে খাল খননে অংশ নেন। অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, দুপুরের খাবার, মুড়ি-বাতাসা ও আদা চায়ের ব্যবস্থা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির স্লোগান ছিল— “আপনি হাত লাগালেই বদলে যাবে দেশ, সবার আগে বাংলাদেশ।
প্রসঙ্গত, গত ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের সময় কোদাল দিয়ে মাটি কেটে কর্মসূচির সূচনা করেন এবং খালের পাড়ে একটি গাছ রোপণ করেন।
বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
