রাজবাড়ীর কালুখালীতে জ্বালানি তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) রাত ১১ টা ৫০ মিনিটের দিকে উপজেলার মোহনপুর এলাকার শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি তেলের সংকটের কারণে ওই রাতে ফিলিং স্টেশনে মোটর সাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। এ সময় কয়েকজন সিরিয়াল ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করলে অপেক্ষমাণ অন্যদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে তেল সরবরাহ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, তেলের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় এক যুবক তার হাতে থাকা চাবির রিং দিয়ে আরেকজনকে আঘাত করলে তার মাথায় সামান্য রক্তপাত হয়। পরে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
