খুলনায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তোলার প্রত্যয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীর গল্লামারীস্থ মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়।
প্রথমে বীর মুক্তিযোদ্ধারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে খুলনা বিভাগীয় কমিশনার মোকতার আহমেদ, খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক আসমা জামশেদ খন্দকারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান।
এ সময় খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন।
তবে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো প্রতিনিধি শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন না।
সকাল থেকেই শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নামে। পরে খুলনা জেলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
