পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন এলাকায় একটি গ্রামীণ সড়কে বেড়া নির্মাণ করে চারটি পরিবারের চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এতে প্রায় ১০ দিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।
ঘটনাটি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের তাহেরপুর গ্রামের এসএ ওমেদপুর মৌজায় ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ৫২৭ দাগের ১ নম্বর খাস খতিয়ানের ওই সড়কটি নিজের রেকর্ডভুক্ত সম্পত্তি দাবি করে হযরত আলী নামের এক ব্যক্তি প্রায় ১০ দিন আগে কাঠের বেড়া নির্মাণ করেন। এতে আবদুল খালেক মুসুল্লী, ইদ্রিস, আবুল হাসান ও আবুল কালাম—এই চারটি পরিবারের স্বাভাবিক চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
এলাকাবাসী জানান, প্রায় দুই বছর আগে ওই সড়কের দুই-তৃতীয়াংশ কেটে পুকুর তৈরি করেন অভিযুক্ত ব্যক্তি। পরে বিকল্প হিসেবে কবরস্থানের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছিলেন ভুক্তভোগীরা। কিন্তু সোমবার ভোরে অপর প্রতিবেশী সামসুল হক সিকদার জাল দিয়ে সেই পথও বন্ধ করে দিলে পরিবারগুলো কার্যত গৃহবন্দী হয়ে পড়ে।
তবে অভিযুক্ত হযরত আলীর দাবি, স্থানীয় সালিস বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েই তিনি সড়কে বেড়া দিয়েছেন।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
“আমরা ১০ দিন ধরে ঘরবন্দী। অসুস্থ মানুষ, বাচ্চারা—কেউ ঠিকমতো বের হতে পারছি না। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাই।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
