রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রিপন (২৩)।
ডিবি সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ফেসবুকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি তৈরি করে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল।
গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (৩০ মার্চ) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের ক্যান্সার ভবনের সামনে অভিযান চালিয়ে রিপনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোন বিশ্লেষণে “Doctor Ayesha Khatun” নামে একটি ভুয়া ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। ওই আইডি ব্যবহার করে আইজিপিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি দিয়ে বিভ্রান্তিকর পোস্ট করে প্রতারণা করা হচ্ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রিপন তার সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
