চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রমের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধা দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (সিএ) সোহেল রানার বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের সঙ্গে রূঢ় আচরণের অভিযোগও পাওয়া গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সমকাল পত্রিকার আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধি তানভির সোহেল জানান, জ্বালানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম চলাকালে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা যায়, ফলে অনেকেই ভোগান্তির শিকার হন। এ পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গেলে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ সোহেল রানা তাকে বাধা দেন।
তিনি আরও জানান, সাংবাদিক পরিচয় দেওয়ার পরও সোহেল রানা অফিসে প্রবেশ নিয়ে প্রশ্ন তোলেন এবং অশালীন ভাষায় কথা বলেন। এক পর্যায়ে তাকে সেখান থেকে সরে যেতে বলা হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হলে তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। কেন এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
