ময়মনসিংহের ফুলপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলার আসামি রুবেল মিয়া (২৩)কে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ফুলপুর উপজেলার রামভদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে র্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক নয়মুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযুক্ত রুবেল মিয়া ও ভুক্তভোগী স্কুলছাত্রী প্রতিবেশী ছিলেন। গত ৩০ মার্চ ওই ছাত্রী বাড়ি থেকে বাইরে যাওয়ার পর ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তার দাদির জিজ্ঞাসায় সে জানায়, রুবেল তার ওপর নির্যাতন চালিয়েছে এবং সে রুবেলের বাড়ি থেকে কীটনাশক পান করেছে।
পরবর্তীতে তাকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেদিনই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত ছাত্রীর বাবা বাদী হয়ে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর র্যাব অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত রুবেল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
