রাজবাড়ীর পাংশা উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে বারি উদ্ভাবিত পেঁয়াজের পাতা কাটার যন্ত্র এবং বারি-সবুজ বালাইনাশক ছিটানো ড্রোনের এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার মৌরাট ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সহযোগিতায় এ প্রদর্শনী কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (CSO) ড. মো. নুরুল আমিন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বারির সাবেক মহাপরিচালক ড. মো. আ. ওহাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (PSO) ড. শেঃ এরশাদুল হক, বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, বারির সিনিয়র কৃষি প্রকৌশলী ড. শাহ মো. ইউসুফ আলী এবং পাংশা হোসেন ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক হোসেন আলী বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে ড. নুরুল আমিন বলেন, স্থানীয় উদ্ভাবকরা একের পর এক কৃষিযন্ত্র তৈরি করে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করছেন। এসব প্রযুক্তি কৃষকদের কাজে লাগলে উৎপাদনশীলতা বাড়বে। তিনি আরও বলেন, উন্নত যন্ত্রাংশ ব্যবহার ও সরকারি সহায়তা পেলে এ ধরনের উদ্ভাবন আরও এগিয়ে যাবে।
প্রদর্শনীতে কৃষকদের সামনে সরাসরি পেঁয়াজের পাতা কাটার যন্ত্র চালিয়ে দেখানো হয়, যা দ্রুত ও স্বল্প খরচে কাজ সম্পন্ন করতে সক্ষম। পাশাপাশি ড্রোনের মাধ্যমে বারি-সবুজ বালাইনাশক ছিটানোর কার্যক্রমও প্রদর্শন করা হয়, যা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
