সারাদেশের মহাসড়ক নিরাপদ ও কার্যকর করতে হাইওয়ে পুলিশকে আধুনিক ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার জনবল ও প্রয়োজনীয় যানবাহন প্রদানের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ।
সোমবার ভৈরব হাইওয়ে থানা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, বর্তমানে দেশের প্রায় ৮ হাজার ৮০০ কিলোমিটার জাতীয় মহাসড়কে মাত্র আড়াই হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। জনবল ও যানবাহনের সংকট থাকায় কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতা রয়েছে।
তিনি বলেন, “হাইওয়ে পুলিশকে আধুনিকায়নের লক্ষ্যে ৬ হাজার জনবল ও প্রয়োজনীয় ভেহিকল প্রদানের প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। আশা করছি, নির্বাচিত সরকার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে।” তিনি আরও বলেন, পর্যাপ্ত লোকবল ও লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা গেলে মহাসড়ক নিরাপদ হবে এবং তা দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সড়ক দুর্ঘটনা কমাতে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। ডিআইজি বলেন, দুর্ঘটনা রোধে ফিডার রোডগুলো নিয়ন্ত্রণ করে সার্ভিস লেন চালু করতে হবে এবং একটি কার্যকর সিস্টেম গড়ে তুলতে হবে।
সিস্টেম উন্নয়ন করা গেলে মহাসড়কে সিএনজি ও থ্রি-হুইলারের চলাচল বন্ধ করা সম্ভব হবে, ফলে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিম এবং ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
