ময়মনসিংহে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রী ও শিক্ষকদের অশোভন আচরণ, প্রতিবাদে সাংবাদিকরা অনুষ্ঠান বর্জন করেছেন।
নগরের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আজ (সোমবার) দুপুরে শিক্ষা মন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন এর প্রধান অতিথির বক্তব্যকালে সাংবাদিকরা ছবি তুলতে প্রস্তুতি নেন।
মন্ত্রী সাংবাদিকদের সাথে পরে কথা বলবেন বলে অডিটোরিয়াম থেকে বের হয়ে যেতে বলেন। এমন নির্দেশনার পর সাংবাদিকদের সাথে চরম আপত্তিকর ও মারমুখী আচরণ শুরু করেন শিক্ষকরা। পরে মন্ত্রী স্টেজ থেকে নেমে এসে উপস্থিত গণমাধ্যমকর্মীদের ভিডিও করতে নিষেধ করেন। তারপর কোনো উস্কানি ছাড়াই শিক্ষকরা সাংবাদিকদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এক পর্যায়ে শিক্ষকরা সাংবাদিকদের মারধর করতে তেড়ে আসেন।
এঘটনায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যরা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়ে তীব্র নিন্দা প্রকাশ করেন।
এসময় সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, সিটি কর্পোরেশন প্রশাসক রুকোনুজ্জামান রোকন, জেলা প্রশাসক মো. সাইফুর রহমানসহ শিক্ষক প্রশাসন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
