চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রামে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে পেকিন ও খাকি ক্যাম্পবেল জাতের হাঁস পালনের ওপর একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় কোষাঘাটা গ্রামের ‘গো গ্রীন সেন্টার’-এ এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ কর্মসূচি উন্নয়ন (কৃষি) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ওয়েভ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে ২৫ জন খামারি সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপি। তিনি হাঁস পালনের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষক হিসেবে আরও বক্তব্য দেন স্পেট্রা-হেক্সা মেগা ফিড কোম্পানির ভেটেরিনারি টেকনিক্যাল কর্মকর্তা ডা. ফাহিম ফয়সাল ফাহাদ এবং ওয়েভ ফাউন্ডেশনের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সুফিয়ান খান। এসময় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হাসান রেজা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হাঁস পালন বিষয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জন করেন এবং ভবিষ্যতে এ খাতে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
