শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অসামঞ্জস্যপূর্ণ ও অতিরিক্ত ফি আদায় করা হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের টাকায় শিক্ষকদের বেতন হয়। তাই শিক্ষার্থীদের ওপর অযাচিত কোনো চাপ যেন চাপিয়ে দেওয়া না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, পরীক্ষার খাতা মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। আগে পাবলিক পরীক্ষার খাতা দেখার সুযোগ ছিল না। “ফেল করলে সেটাই চূড়ান্ত ধরা হতো। কিন্তু এখন খাতা সম্পূর্ণ দেখার সুযোগ রাখা হয়েছে। এতে পরীক্ষকের ভুল থাকলেও তা স্পষ্ট হবে এবং শিক্ষার্থীদের আক্ষেপ দূর হবে,” যোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
এর আগে, ময়মনসিংহে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ও শিক্ষকদের সঙ্গে সাংবাদিকদের অশোভন আচরণের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে সাংবাদিকরা অনুষ্ঠান বর্জন করেন।
পরে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে মন্ত্রী সিটি করপোরেশনে আসেন। এ সময় তিনি জানান, অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনা সৃষ্টিকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
