ঢাকা, ১১ এপ্রিল ২০২৬, শনিবার, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে ধানসহ ফসলের জমিতে ইঁদুরের সর্বনাশা আক্রমণে দিশেহারা কৃষকরা

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(২ দিন আগে) ৮ এপ্রিল ২০২৬, বুধবার, ৩:৩৩ অপরাহ্ন

banglahour

স্বপ্ন ছিল, কদিন পরই জমিতে দেখা যাবে ধানের শীষ। ফলনে ভরে উঠবে জমির ফসল। বৈশাখে সেই ফসল উঠবে ঘরে। দীর্ঘ পরিশ্রম ও ক্লান্তির অবসান ঘটিয়ে কৃষকদের মনে আসবে সফলতার তৃপ্তিময় হাসি। কিন্তু এতসব স্বপ্নকে দুঃখের সমুদ্রে পরিণত করেছে ইঁদুর। ব্যাপকভাবে ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। মাঠের পর মাঠ ধানের গাছ ইঁদুর কেটে শেষ করে দিচ্ছে। কৃষকরা বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ থেকে শুরু করে নানা পদক্ষেপ গ্রহণ করলেও কিছুতেই কমছে না ইঁদুরের আক্রমণ। প্রতিদিন সকালে এমন দৃশ্য দেখে দিশেহারা হয়ে পড়ছেন কৃষকরা।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকায় ফসলে ইঁদুরের উপদ্রব বেড়েছে। এতে দুশ্চিন্তার শেষ নেই কৃষকদের। দ্রুত সমস্যা নিরসন না হলে ফলন বিপর্যয়ের আশঙ্কা রয়েছে, পাশাপাশি উৎপাদন খরচও না ওঠার শঙ্কা দেখা দিয়েছে। যদিও কৃষি অফিস থেকে বলা হচ্ছে, বিচ্ছিন্নভাবে ইঁদুরের উপদ্রব রয়েছে, তবে এতে সার্বিক ফলন বিপর্যয়ের আশঙ্কা নেই।

মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকেও প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা ঠিকমতো পাচ্ছেন না বলে অনেক কৃষকের অভিযোগ। এখনই সঠিক পরামর্শ ও পদক্ষেপ নিলে কিছুটা হলেও কৃষকরা ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন বলেও তারা জানিয়েছেন। বিষয়টি দ্রুত জরুরি ভিত্তিতে দেখার অনুরোধ জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টদের কাছে।

সরেজমিনে ঘুরে ও খোঁজ নিয়ে জানা যায়, এ বছর উপজেলায় ১২ হাজার ৮৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। বিভিন্ন এলাকায় বোরো ফসলের মাঠে উঠতি ধানের চারা মাঝখান থেকে নষ্ট করছে ইঁদুর। কোথাও বড় গর্ত করে ধানসহ গাছ জমিয়ে রাখছে। ভুট্টা ও বাদামের জমিতেও একই অবস্থা বিরাজ করছে। প্রতিদিন সকালে কৃষকেরা এই দৃশ্য দেখে মানসিকভাবে কষ্ট পাচ্ছেন। দ্রুত সমস্যা সমাধান না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা।


মসূয়া ইউনিয়নের বেতাল, রামদি, বৈরাগীচর, আলগীচর; লোহাজুরী ইউনিয়নের উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকা; জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া, আতকাপাড়া, ফেকামারা, কুটির বিল; বনগ্রাম, সহস্রম, ধুলদিয়া, করগাঁও, চান্দপুর, আচমিতা ও মুমুরদিয়া ইউনিয়নের অধিকাংশ এলাকায় ইঁদুরের উপদ্রব বেশি।

লোহাজুরী ইউনিয়নের উত্তর বাহেরচর গ্রামের কৃষক সিরাজুল ইসলাম সিরাজী বলেন, “প্রথমবারের মতো আমি ৫৬ শতাংশ জমিতে সুপার হাইব্রিড-২৮ জাতের ধান করেছি। ইঁদুর অনেক ফসল নষ্ট করে ফেলেছে। এখন পর্যন্ত কৃষি অফিস থেকে আমি বা আমাদের কৃষকরা কোনো পরামর্শ পাইনি। ইঁদুর নিধনে কৃষি অফিসের পরামর্শ পেলে আমাদের উপকার হতো। ইঁদুর যে হারে ধান কেটে নষ্ট করছে, তাতে এবারের আবাদে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠবে না।”
বৈশাকুড়ি বিলে একই অবস্থা দেখা গেছে কৃষক আব্দুর রশিদ, জসিম উদ্দিন ও শহিদুল হোসেনের জমিতে।

মসূয়া ইউনিয়নের কড়েহা গ্রামের স্কুলশিক্ষক কামরুল ইসলাম বলেন, “আমার ভুট্টা জমিতে ইঁদুরের আক্রমণ হয়েছে। এটি নিয়ে খুব চিন্তায় আছি। চোখের সামনে কষ্টের ফসল নষ্ট হচ্ছে।”
কটিয়াদী পৌর এলাকার লেংটিয়া গ্রামের হাবিবুর রহমান হাবিব বলেন, “ইঁদুরের আক্রমণে আমার অর্ধেক জমি নষ্ট। কীভাবে এই সমস্যা সমাধান করব বুঝতে পারছি না।”

মসূয়া ৩ নম্বর ওয়ার্ডের কৃষক ফয়সাল বলেন, “আমার ধানের জমিতে ভালো ফলন দেখে আনন্দিত হয়েছিলাম। হঠাৎ ইঁদুরের আক্রমণে সব আনন্দ মাটি। এখন উল্টো দুশ্চিন্তা বেড়ে গেছে। আশপাশের গ্রামেও একই সমস্যা।”

মসূয়া বেতাল বাজারের কীটনাশক ব্যবসায়ী শাহজাহান তালুকদার জানান, কিছুদিন ধরে প্রচুর ইঁদুর মারার ওষুধ বিক্রি হচ্ছে। আশপাশের গ্রামের কৃষকরা ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ।

এ বিষয়ে কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, “ইঁদুরের উপদ্রব রয়েছে, এটি সত্য। এ বিষয়ে আমরা কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও পরামর্শ দিচ্ছি, যাতে তারা সম্মিলিতভাবে ইঁদুর নিধন করেন।

বিচ্ছিন্নভাবে না করে সবাই একসঙ্গে করলে ভালো ফল পাওয়া যাবে। আমাদের মাঠপর্যায়ের কর্মকর্তারা সক্রিয় রয়েছেন। কারো বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে আমরা ব্যবস্থা নেব।”
তিনি আরও বলেন, “বাঁশের তৈরি প্রচলিত ফাঁদ, বিষ ফাঁদ ব্যবহার, এবং ধানের জমিতে কলাগাছ পুঁতে দিলে সেখানে পেঁচা বসে ইঁদুর ধরে খাবে—এগুলো কার্যকর পদ্ধতি। কিছু এলাকায় ইঁদুরের সমস্যা থাকলেও সার্বিক ফলনে বড় ধরনের বিপর্যয় হবে না বলে আমরা আশা করছি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯