ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫ মাস আগে) ৮ এপ্রিল ২০২৬, বুধবার, ১১:২১ অপরাহ্ন

banglahour

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।


বুধবার (৮ এপ্রিল) সকালে ওয়াগ্গাছড়া বিজিবি সদর দপ্তরে ফজরের নামাজের পর দেশের শান্তি, সমৃদ্ধি এবং বাহিনীর উত্তরোত্তর উন্নতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে ব্যাটালিয়ন সদরে রেজিমেন্টাল পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটার মাধ্যমে উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পিবিজিএম, পিএসসি।


এসময় তিনি বলেন, কাপ্তাই ব্যাটালিয়ন দীর্ঘ ৩০ বছর ধরে সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন বিজিবি সদস্যদের মনোবল বৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ সুসংহত করতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩০৫ রাঙ্গামাটি পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি; কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী (সিগন্যালস)সহ সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী এবং ব্যাটালিয়নের সকল পর্যায়ের সদস্যরা।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৮ এপ্রিল দিনাজপুর সেক্টরের অধীনে ঠাকুরগাঁওয়ে ৪১ রাইফেল ব্যাটালিয়ন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে পঞ্চগড়, রাজনগর, সাতক্ষীরা ও সিলেটসহ বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনের পর ২০১৮ সালের ২৭ জুন ব্যাটালিয়নটি কাপ্তাইয়ে বর্তমান অবস্থানে দায়িত্ব গ্রহণ করে।


বর্তমানে প্রায় ৫৪ কিলোমিটার দুর্গম সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে তারা সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমন, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিভিন্ন আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে।


এছাড়া ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় পার্বত্য অঞ্চলে সন্ত্রাস দমন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই ব্যাটালিয়ন। দেশের একমাত্র পানিবিদ্যুৎ প্রকল্প কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করাও তাদের অন্যতম দায়িত্ব।


দক্ষতা, বিচক্ষণতা ও সাহসিকতার সঙ্গে পরিচালিত বিভিন্ন অভিযানে অবৈধ কাঠ, অস্ত্র ও মাদকদ্রব্য জব্দে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে কাপ্তাই ব্যাটালিয়ন, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম