চুয়াডাঙ্গার দর্শনায় জ্বালানী তেলবাহী ট্রাঙ্ক লরির ধাক্কায় শিশু আতিকা (৩) নিহত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা হঠাৎপাড়া রেলগেটের কাছে দৌড়ে রাস্তা পারাপার করতে গিয়ে সে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়।
নিহত আতিকা দর্শনা মোবারকপাড়ার আতাহার জামিলের মেয়ে। মা হাজেরা খাতুন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর পর থেকে সে তার খালু সোনালী ব্যাংকের ক্যাশিয়ার মোবারক হোসেনের বাড়িতেই থাকতো।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, দুর্ঘটনার শিকার শিশু আতিকাকে নিয়ে তার খালু মোবারক হোসেন ও তার খালা চুয়াডাঙ্গা থেকে সিএনজি চেপে দর্শনায় ফেরে। সিএনজি থেকে নেমে খালু মোবারক ও তার স্ত্রী রাস্তা পার হয়ে যাওয়ার পর সে পার হতে গেলে দর্শনা হতে চুয়াডাঙ্গাগামী চলন্ত জ্বালানী তেলবাহী ট্রাঙ্কা লরির ( যশোর ঢ ০১-০০০২) চালক নিয়ন্ত্রণ হারিয়ে তার মাথার ওপর দিয়ে চালিয়ে দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঘটনাস্থল থেকে জ্বালানী তেলবাহী ট্রাঙ্ক লরিটি দামুড়হুদা মডেল থানা হেফাজতে নিয়ে ও চালক নিমাই চন্দ্র অধিকারীকে আটক করা হয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন জানান, নিহত শিশুটিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে স্বজনদের লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
