ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এলডিসি গ্র্যাজুয়েশন সামনে রেখে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: বাণিজ্য ও শিল্পমন্ত্রী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ সপ্তাহ আগে) ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার, ১০:৫৯ অপরাহ্ন

banglahour

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, লিস্ট ডেভলপড কান্ট্রিজ (এলডিসি) থেকে উত্তরণের প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতিকে আরও প্রতিযোগিতামূলক করে তোলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় এ লক্ষ্যে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।


রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় ১২টি ব্যাংক ও ৪টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের শিল্পখাতকে এগিয়ে নিতে এসএমই খাতের জন্য সহজ শর্তে ও সময়োপযোগী অর্থায়ন নিশ্চিত করা অপরিহার্য। তিনি জানান, এসএমই খাতের উন্নয়নে কেন্দ্রীয় সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে এসএমই ফাউন্ডেশনকে আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।


তিনি আরও বলেন, একসময় স্বল্পমূল্যের জ্বালানি রপ্তানিমুখী শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমানে জ্বালানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। এর সঙ্গে বৈশ্বিক অনিশ্চয়তা ও বহিরাগত চাপও যুক্ত হয়েছে।


খন্দকার মুক্তাদির বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে কনসেশনাল ঋণের সুযোগ ইতোমধ্যে সীমিত হয়েছে এবং ভবিষ্যতে তা আরও সংকুচিত হবে। তাই টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়ন অপরিহার্য।


তিনি জানান, প্রতিবছর প্রায় ২০ থেকে ২২ লাখ নতুন কর্মক্ষম জনগোষ্ঠী শ্রমবাজারে প্রবেশ করছে। তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা জরুরি। শুধু উন্নয়ন নয়, বর্তমান অবস্থান ধরে রাখতেও একটি নির্দিষ্ট হারে প্রবৃদ্ধি প্রয়োজন।


প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের লজিস্টিক খরচ জিডিপির প্রায় ১৬ শতাংশ, যেখানে বৈশ্বিক গড় প্রায় ১০ শতাংশ। এই ব্যবধান কমানো না গেলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করা কঠিন হবে।


অনুষ্ঠানে জানানো হয়, চুক্তির আওতায় এসএমই ফাউন্ডেশন মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে ৪০০ কোটির বেশি টাকার ঋণ বিতরণ করবে। এর মধ্যে রিভলভিং ফান্ড থেকে প্রায় ৩০০ কোটি টাকা বিতরণ করা হবে। একজন উদ্যোক্তা সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন, যার সুদের হার হবে ৮ শতাংশ।


এছাড়া জাইকার সহায়তায় বিআইএফএফএল-এর সঙ্গে চুক্তির মাধ্যমে কৃষিভিত্তিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাত খাতের সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকার ঋণ প্রদান করা হবে। এ প্রকল্পে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।


এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯