ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব

সারাদেশ | মো ইসহাক। বান্দরবান প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, ১১:০৫ পূর্বাহ্ন

banglahour

বান্দরবানে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে পাহাড়িদের প্রাণের উৎসব সাংগ্রাই। চার দিনব্যাপী এ উৎসব উপলক্ষে সোমবার (১৩ এপ্রিল) সকালে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে স্থানীয় রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।


শোভাযাত্রার উদ্বোধন করেন ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।।
শোভাযাত্রায় মারমা, চাকমা, তঞ্চঙ্গ্যা, ম্রো, বম, ত্রিপুরাসহ বান্দরবানে বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। পরে সেখানে বয়স্ক পূজার আয়োজন করা হয়।


নতুন বছরকে বরণ এবং পুরাতন বছরকে বিদায় জানাতে পার্বত্য এলাকার বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিজস্ব ঐতিহ্যের সমন্বয়ে এই সাংগ্রাই উৎসব উদযাপন করে থাকে। মারমাদের কাছে এটি ‘সাংগ্রাইং’, ম্রোদের কাছে ‘চাংক্রান’, খেয়াংদের ‘সাংগ্রান’, চাকমাদের ‘বিজু’, তঞ্চঙ্গ্যাদের ‘বিষু’ এবং ত্রিপুরাদের ‘বৈসু’ নামে পরিচিত। সম্মিলিতভাবে এই উৎসবকে ‘বৈসাবি’ বলা হয়।


সাংগ্রাই উৎসবের অন্যতম আকর্ষণ জলকেলি। তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে পুরাতন বছরের গ্লানি ও দুঃখ-বেদনা ধুয়ে ফেলে নতুন বছরকে স্বাগত জানায়। পানিকে পবিত্রতার প্রতীক হিসেবে ধরে এই আয়োজন করা হয়।
এ উৎসব উপলক্ষে সমবেত প্রার্থনা, বৌদ্ধ মন্দিরে ভান্তেদের দান, পিঠা তৈরি, বৌদ্ধ মূর্তি স্নান, প্রদীপ প্রজ্জ্বলন, বয়স্ক পূজা এবং বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য-গানসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


বান্দরবান সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক থুইয়ামং মারমা জানান, চার দিনব্যাপী এ উৎসব আগামী ১৬ এপ্রিল মৈত্রী পানি বর্ষণ (জলকেলি) ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।


প্রতিবছরের মতো এবারও এই উৎসবকে ঘিরে বান্দরবানে দেশি-বিদেশি পর্যটকদের আগমন ঘটেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম