কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চাল বোঝাই একটি ট্রাকে চড়ে ১৩ জন দিনমজুর চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে যাচ্ছিলেন। কম ভাড়ায় যাতায়াতের জন্য তারা ট্রাকের উপরে বসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
রাত আনুমানিক ৩টার দিকে ট্রাকটি দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপর বসে থাকা যাত্রীরা নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয় এবং আরও ৬ জন আহত হন।
খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন— দিনাজপুরের বাবুগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের মোহাম্মদ আফজাল হোসেন, সোহরাব হোসেন, সালেক এবং বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের সুমন, বিষু, আবু হোসেন ও আব্দুর রশিদ।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, নিহতরা সবাই দিনমজুর হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
