দেশের কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার লক্ষ্যে এবং বিএনপি'র নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার(১৪ এপ্রিল) দুপুর ১২ টায় নেছারাবাদ উপজেলা পরিষদ অডিটরিয়ামে ভার্চুয়ালী এই কার্ড বিতরন কর্মসূচির উদ্ভোধন করেন তিনি।
এ উপলক্ষে নেছারাবাদ উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর আনুষ্ঠানিকভাবে উপজেলার ১৫ জন কৃষক ও কৃষানীর হাতে কৃষক কার্ড তুলে দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
সভায় জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সহ উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত।
প্রধান অতিথি সোহেল মনজুর তার বক্তব্যে বলেন, কৃষক কার্ড একটি গুরুত্বপূর্ণ সেবা, এর মাধ্যমে কৃষকদের একটি সুশৃংখল ডাটাবেজ তৈরি হবে যা ভবিষ্যতে ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আরও বলেন,এ কার্ডের নিরাপত্তা খুব জরুরী। কোনো অবস্থাতেই কার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে আপলোড করা যাবে না এবং এবিষয়ে কৃষকদের সচেতন করতে হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নেছারাবাদ উপজেলায় মোট ৩ হাজার ৫৫টি কৃষক কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে উদ্বোধনী দিনে ৫০০ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
