চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিহুদা বাজারে অভিযান চালানো হয়। এসময় আতিয়ার রহমানের একটি মুদি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ৫ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২০ ধারায় তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে একই অভিযানে পিয়াস ফিলিং স্টেশনে অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
সেখানে দায়িত্বরত ম্যানেজার নজরুল ইসলামকে অবৈধভাবে তেল মজুতের দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় ৭ দিনের কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন জানান, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
