গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে।
তিনি বলেন, দেশের নদী-নালা, খাল ও জলাশয় পুনরুদ্ধার বর্তমান সরকারের একটি অগ্রাধিকারমূলক কর্মসূচি। এর মাধ্যমে জলাবদ্ধতা কমবে, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলার চড়খালি এলাকার কাটাখাল ও ভারানীর খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মন্নান হাওলাদার প্রমুখ।
স্থানীয়রা জানান, খাল দুটি ভরাট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়ে এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
