রাজবাড়ীর পাংশায় সাপের কামড়ে মোঃ শামীম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শামীম ওই গ্রামের হেলাল মৃধার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০ টার দিকে শামীম তার নিজ বাড়ির পাশে জমির আইল দিয়ে যাওয়ার সময় তাকে বিষধর সাপে কাটে। পরে শামীম দ্রুত বাড়ি ফিরে তার বাবা-মাকে জানায় তাকে একটি (গোখরা) সাপ কামড় দিয়েছে।
শামীমকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরিবর্তে তার পরিবার প্রথমে স্থানীয় এক সাপুড়ে (ওঝার) কাছে নিয়ে যায়। সেখানে ঝাড়ফুঁক ও অপচিকিৎসায় দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় শামীমের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে।
পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক দেখে পরিবারের সদস্যরা তাকে রাত ৩টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীমকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের মতে, হাসপাতালে আনতে অতিরিক্ত দেরি হওয়ায় বিষ শরীরে ছড়িয়ে পড়েছিল। সময়মতো সঠিক চিকিৎসা বা অ্যান্টি-ভেনম দেওয়া সম্ভব হলে হয়তো যুবকটিকে বাঁচানো যেত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
